শিরোনাম

গোপালগঞ্জ, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ৯শ’ ৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দেবশীষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসুচীর আওতায় পাট ফসলের বিপরীতে প্রতি কৃষককে বীজ ১ কেজি, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি, আউশ ধানের বিপরীতে ৫ কেজি হারে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, গ্রীষ্মকালীন মুগ ফসলের বিপরীতে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, গ্রীষ্মকালীন তিল ফসলের বিপরীতে প্রতি কৃষকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার ও বীজ নানা প্রণোদনায় সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, ‘বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের চাষাবাদে উৎসাহিত করছে। কৃষকদের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।’