শিরোনাম

লালমনিরহাট, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সোমবার সকাল ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীমান্ত এলাকায় পরিচালিত গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে শিংঝাড় বিওপি’র বিশেষ টহলদল ভারতীয় ইয়াবা ও গাঁজা জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে এমন তথ্য পাওয়ার পর ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায় শিংঝাড় বিওপি’র আওতাধীন দক্ষিণ শিংঝাড়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে মালামাল ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশিতে ১শ’ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক বাসস’কে জানিয়েছেন, জব্দকৃত ইয়াবার সরকারি মূল্য ৩০ হাজার টাকা এবং গাঁজার মূল্য ৩৫০ টাকা। জব্দকৃত পণ্যের মোট মূল্য ৩০,৩৫০ টাকা। এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বাসস’কে বলেছেন, ‘দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’