শিরোনাম

নড়াইল, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
আজ রোববার বিকেল ৩টায় সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ১হাজার কৃষান-কৃষানীর মধ্যে পাট বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হান, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাভলু, শাহাবাদ ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা বি,এম জাহিদ শাকিল।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষান-কৃষানীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পাট, তিল ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলায় মোট ১হাজার ৮শ২০ জনকে বিনামূল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ। এর মধ্যে পাট ফসলের জন্য ১হাজার কৃষককে প্রনোদনা প্রদান করা হবে।
প্রতিজন কৃষক ১বিঘা জমিতে পাট আবাদের জন্য ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার পাবেন।তিল ফসলের জন্য ৫শ’৬০ জন কৃষককে প্রনোদনা প্রদান করা হবে। প্রতিজন কৃষক ১বিঘা জমিতে তিল আবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার পাবেন। মুগ ফসলের জন্য ২শ ৬০ জন কৃষককে প্রনোদনা প্রদান করা হবে। প্রতিজন কৃষক ১বিঘা জমিতে মুগ আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে পাবেন।