বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৭:৪৫

শেরপুরে কৃষকদের মধ্যে হলুদ বীজ ও সার বিতরণ

ছবি : বাসস

শেরপুর, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : শেরপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হলুদের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুর ২টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক।

এ সময় শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দিনসহ পৌরসভা ও সদরের বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নির্বাচিত ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১০০ কেজি হলুদ বীজ বিতরণ করা হয়। এছাড়া প্রতিজন কৃষককে ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি রাসায়নিক সার প্রদান করা হয়।

এ বিষয়ে শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, এই কৃষি প্রণোদনার মাধ্যমে প্রান্তিক কৃষকরা হলুদ চাষে উৎসাহিত হবেন এবং হলুদের উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া হলুদ চাষে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন।