বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৭:৪৩

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রুপের ৭ সদস্য আটক

বাগেরহাট, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ কুখ্যাত খবির মোল্লা গ্রুপের ৭ সদস্যকে আটক করা হয়েছে।

আজ রোববার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টার দিকে কোস্টগার্ড স্টেশন রূপসার একটি দল দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ককটেল উদ্ধার করা হয়।

একইসঙ্গে কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।