বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৭:২৭

টাঙ্গাইলে ভোক্তা অধিকার দিবস পালিত

টাঙ্গাইল, ১৫ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ ‘নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব ভোক্তা অধিকার’ দিবস পালিত হয়েছে।

আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।  

এর পর, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হলে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। তিনি বাজারে ভেজাল, অতিরিক্ত মূল্য আদায় ও প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।