বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৭:২০

কুমিল্লায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৫ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। 

অভিযানকালে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা শতাধিক দোকানপাট, বাস কাউন্টার ও ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টা থেকে সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুমিল্লা সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে থাকা এসব স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে মহাসড়ক দখল না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকা দীর্ঘদিন ধরেই যানজটপ্রবণ। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়বে, তাই আগাম ব্যবস্থা হিসেবে মহাসড়ক দখল করে থাকা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলম সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।