বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৭:০৩

রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত

ছবি : বাসস

রংপুর, মার্চ ১৫, ২০২৬ (বাসস) : ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’— এই প্রতিপাদ্যে রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস, ২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রোববার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

রংপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

আলোচনা সভায় জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি আরও বলেন, আমরা প্রকৃতি থেকে যে খাদ্য ও অন্যান্য পণ্য পাই, সেগুলোর নিরাপদ ও মানসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব।

তিনি বলেন, কিন্তু, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় খাদ্য প্রক্রিয়াজাতকরণের সময় ভেজাল মিশান, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপকে নিরাপদ করতে হবে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি প্রসঙ্গে মোহাম্মদ এনামুল আহসান বলেন, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তার অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিনিয়ত পরিচালনা করছে।

এছাড়াও ঈদ উপলক্ষ্যে সেমাইসহ বিভিন্ন খাদ্য পণ্যের উৎপাদন ও বিক্রয় কার্যক্রম বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, এই আইন অনুযায়ী ভেজাল পণ্য উৎপাদন, ওজনে কম দেওয়া বা নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।

এ সময় মোহাম্মদ এনামুল আহসান ভোক্তাদের জন্য ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্যসহ অন্যান্য পণ্য সরবরাহে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অন্ষ্ঠুানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিল-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন— রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, রংপুর কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি মো. আবদুর রহমান, রংপুর চেম্বার অব কমার্স-এর পরিচালক পার্থ ঘোষ প্রমুখ।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।