শিরোনাম

চট্টগ্রাম, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় সংঘটিত চাঞ্চল্যকর আকাশ দাশ হত্যা মামলার পলাতক আসামি মো. রাতুলকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রোববার চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে নগরের ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতুল পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাশ (২৬) নামের এক যুবককে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি মো. রাতুলকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।