শিরোনাম

রংপুর, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করতে সরকার বদ্ধপরিকর।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রসঙ্গে তিনি বলেন, অসচ্ছল ও দুস্থ সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান কাজ।
সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, রংপুরের সভাপতি মোহাম্মদ এনামুল আহসান বলেন, গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
তিনি সরকারের সঙ্গে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক মো. রমিজ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।
অনুষ্ঠানে রংপুর বিভাগের ২৩ জন সাংবাদিককে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক এবং সাংবাদিকদের ৯৪ জন মেধাবী সন্তানকে মোট ১৫ লাখ ৯৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।