বাসস
  ১৪ মার্চ ২০২৬, ২২:০৮

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি : বাসস

চট্টগ্রাম, ১৪ মার্চ ২০২৬ (বাসস) : ডেঙ্গুর বিস্তার রোধে চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার সকালে নগরীর ডিসি হিলে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ‘সামনে বর্ষাকাল আসছে। তার আগেই আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যেই শহরে ডেঙ্গুর যে উৎসমূল রয়েছে সেগুলো উৎপাদনের চেষ্টা করব।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে, সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।’ 

বেলুন উড়িয়ে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তা, স্কাউট সদস্য এবং পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করা হয়।