শিরোনাম

রংপুর, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : রংপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, র্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সরকারের বিশেষ কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত বর্তমান সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর অন্যতম অংশ হলো দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও রাস্তাঘাটসহ আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। কারণ এসব স্থানেই মশার বংশ বিস্তার ঘটে।
সরকারি নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম আজ শনিবার থেকে জেলায় শুরু হয়ে ধারাবাহিকভাবে চলবে জানান তিনি।
স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সবাই মিলে উদ্যোগ নিলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের নির্দেশনার মূল লক্ষ্য হলো বাসা-বাড়ি ও অফিসের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
তিনি জানান, এই নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
সরকারের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কর্মসূচির অংশ হিসাবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর কালেক্টরেট সুরভী উদ্যানে গিয়ে শেষ হয়। এরপর রংপুর কালেক্টরেট সুরভী উদ্যানে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশানিধন অভিযান কার্যক্রম পরিচালিত হয়।