বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৮:৩৬

রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের মেধাবী সন্তানের মাঝে অনুদানের চেক বিতরণ

শনিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে চেক বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির। ছবি: বাসস

রংপুর, মার্চ ১৪, ২০২৬ (বাসস ) : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে রংপুর বিভাগের সাংবাদিক এবং তাদের মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ (শনিবার) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। তাই গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, অসচ্ছল ও দুস্থ সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান কাজ।

সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে বলেও আশ্বস্থ করেন আবদুল বাছির।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, রংপুরের সভাপতি মোহাম্মদ এনামুল আহসান বলেন, গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতু হিসেবে কাজ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

তিনি সরকারের সঙ্গে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক মো. রমিজ আলম; বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম; রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক; দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ২৩ জন সাংবাদিককে ১১ লক্ষ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদানের চেক এবং তাদের ৯৪ জন মেধাবী সন্তানকে ১৫ লক্ষ ৯৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।