বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৮:০০

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা সীমান্তে বিজিবি এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে। ছবি: বাসস

সাতক্ষীরা, ১৪ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেকপোষ্ট, তলুইগাছা, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর নামক স্থান হতে ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য চারলাখ ৮৩ হাজার ৫৪০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।