বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৭:৫৫

ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক

ছবি: বাসস

চট্টগ্রাম, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে যাওয়া ৩৭ রোহিঙ্গাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়ন থেকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ। 

আজ (শনিবার) সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

পুলিশ আরও জানায়, রাত সাড়ে ১১টার দিকে সন্তোষপুরে ইলিশের ঘাটে রোহিঙ্গাদের দেখে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২৩ জন শিশু-কিশোর রয়েছেন।

আটক রোহিঙ্গাদের বরাতে ওসি জাহেদ নূর জানান, পাঁচ হাজার টাকার বিনিময়ে তাদেরকে সীতাকুণ্ড উপকূলে পৌঁছে দেওয়ার কথা বলেছিল দালালরা। গত মঙ্গলবার আশ্রয়শিবির থেকে বের হয়ে তারা প্যারাবনে লুকিয়ে ছিল। সেখানে একদিন থাকার পর বুধবার রাতে সীতাকুণ্ডে যাওয়ার জন্য ছোট একটি নৌকায় উঠে। কিন্তু সেটি তীরের কাছে ডুবে যায়। পরে তাদেরকে আরেকটি নৌকায় তোলা হয়। 

সীতাকুণ্ড পৌঁছানোর আগেই সেই নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে তিনদিন ধরে তারা সাগরে ভাসছিল। পরে সন্দ্বীপ ঘাটে তাদের নামিয়ে দেওয়া হয়। এর আগে তাদের সঙ্গে থাকা টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নেয় দালালরা।

ওসি জানান, আপাতত সন্তোষপুর ইউনিয়ন পরিষদ ভবনে আটক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পরে তাদেরকে ভাসানচর আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে।