শিরোনাম

ভোলা, ১৪ মার্চ ২০২৫ (বাসস): জেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ডা. আজাদ জাহানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ডা. আজাদ জাহান। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর প্রশাসক মিজানুর রহমানসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাসাবাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা র্যালি ও সভায় অংশ নেন। বক্তারা সবাইকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।