বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৭:১৮

চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা

চাঁদপুর, ১৪ মার্চ ২০২৬ (বাসস): জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ শনিবার দুপুরে শহরের পৌর নিউ মার্কেট ও জোড়পুকুর পাড় এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে রেফ্রিজারেটরে কাঁচা মাংসের সাথে ৮০ পিচ রান্না করা রাইসযুক্ত বাসি মাংস সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইন- এর মালিককে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইনিং- এর মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়

এ সময় বাসি রান্না করা মাংস, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া ধ্বংস করা হয়। 

অভিযানকালে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।