বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৫:৪৫

ময়মনসিংহে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

ময়মনসিংহ নগরীতে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। ছবি: বাসস

ময়মনসিংহ, ১৪ মার্চ, ২০২৬, (বাসস): ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় ময়মনসিংহ নগরীতে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। 

আজ শনিবার সকালে নগরীর টাউন হল এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যক্রম পরিচালনার জন্য নিজের এক মাসের সম্মানী ভাতা জেলা প্রশাসনের কাছে দেওয়ার ঘোষণা দেন।

কর্মসূচিতে জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে এ সমন্বিত কর্মসূচি শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পরিষ্কারু-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হলে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রতি সপ্তাহের শনিবার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি পুরো ডেঙ্গু মৌসুমজুড়ে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

একই দিনে নগরীর চরপাড়া এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী এনডিসি ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় উল্লেখ করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।