বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৪:৫৭

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুমিল্লার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন উদ্ধারসহ মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ছবি: বাসস

কুমিল্লা, ১৪ মার্চ ২০২৬ (বাসস) : জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। একই সাথে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গতকাল শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুর রহমান সৈকত (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি আমড়াতলী গ্রামের বাসিন্দা ছিদ্দিকুর রহমানের পুত্র।

এদিকে একই রাতে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে ব্যাগটি তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাটিয়ারা পূর্ব এলাকার একটি সেতুর ওপর সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ ঘটানোর উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি ফেলে কৌশলে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

র‌্যাব আরও জানায়, র‌্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।