শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৪ মার্চ ২০২৬ ( বাসস): সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এ কর্মসূচির আওতায় আজ জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, দেশজুড়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের নির্দেশনায় এই বিশেষ অভিযান শুরু হয়েছে। শুধু সরকারি দপ্তর নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। প্রতি শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় এরকম পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
তিনি বলেন, আগামী ২৫ মার্চ চুয়াডাঙ্গা জেলা শহরের ১৫টি স্থানে একযোগে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে।
আজ সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ চত্বরে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
এ সময় চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা পরিষ্কার করা হয়। এলাকাবাসীকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়। এই সমন্বিত অভিযানের ফলে জেলায় এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চুয়াডাঙ্গা পৌরসভা সূত্রে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রতিটি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ঝোপঝাড় নিধন এবং নিয়মিত মশক নিধন স্প্রে (লার্ভিসাইড ও ফগার) কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম এবং নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ।