বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৩:৪০

নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম 

নোয়াখালী পৌরসভার বিশ্বনাথ এলাকায় প্রধান সড়কের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এমপি শাহজাহান। ছবি: বাসস

নোয়াখালী,  ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে ১৪ মার্চ থেকে সারাদেশে শুরু হয়েছে বৃহৎ পরিসরের পরিচ্ছন্নতা অভিযান। এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা শহরে এই অভিযানের শুভ উদ্বোধন করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান।

আজ বেলা ১২টার দিকে নোয়াখালী পৌরসভার বিশ্বনাথ এলাকায় প্রধান সড়কের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে এমপি শাহজাহান এই অভিযানের সূচনা করেন।

ছবি: বাসস

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপি’র সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদৎ হোসেনসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এমপি মো. শাহজাহান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনস্বাস্থ্যের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকের এই অভিযান কেবল একদিনের জন্য নয়, বরং এটি একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া হিসেবে চলবে।

শহরবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা জানান, সময়োচিত এই পদক্ষেপের ফলে আসন্ন বর্ষা মৌসুমে মশার উপদ্রব এবং রোগবালাইয়ের প্রকোপ অনেকটাই কমে আসবে বলে তারা আশা করছেন।