শিরোনাম

কুড়িগ্রাম, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনগণের মাঝে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে র্যালি ও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার বহন করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, বর্তমানে ডেঙ্গু একটি জনস্বাস্থ্যের জন্য বড় সমস্যায় পরিণত হয়েছে। এই রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা।
তিনি বলেন, বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংক, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এই ক্ষেত্রে সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।’
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, প্রতি শনিবার জেলার প্রতিটি দপ্তরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি প্রতিটি বসতবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযান সফল করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।