শিরোনাম

চট্টগ্রাম, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাকচাপায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে একজন মোটরসাইকেল আরোহী আইনজীবী নিহত হয়েছেন। তিনি স্থানীয় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষক রুহুল আমিনের ছেলে।
শুক্রবার কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।
অ্যাডভোকেট কাওসার হোসেন সম্রাট দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বসবাস করতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যার জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাওসার হোসেন সম্রাট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।