বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১৬:৪৩

নেত্রকোণায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোণা, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলায় আজ দুপুরে বজ্রপাতে সুধীর দাস (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামের রাজেন্দ্র দাসের পুত্র সুধীর দাস শুক্রবার দুপুরে বাজন্তি হাওরে নিজের কৃষি জমিতে কাজ করার সময় এই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে হাওরাঞ্চলে বোরো ফসলের ভরা মৌসুম চলায় সুধীর দাস অন্যান্য কৃষকদের মতো মাঠে কাজ করছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পার্শ্ববর্তী কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, ‘হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। নিহতের পরিবারের শেষকৃত্য সম্পন্নের জন্য সরকারিভাবে জরুরি আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’