শিরোনাম

ঝিনাইদহ, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার শৈলকূপায় আইনশৃঙ্খলা ভঙ্গ ও সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা এসব তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরে শুক্রবার মির্জাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্কর বাদি হয়ে শৈলকূপা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগপত্রে উভয়পক্ষই একে অপরের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
অভিযোগের পর পুলিশ উভয়পক্ষের অন্তত ১৫ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির মুক্তি, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সায়েম আলী, যুবদল নেতা শামীম লস্কর, মহিদুল ইসলাম, পান্না মিয়াসহ ১৫ নেতা-কর্মী।
এ বিষয়ে শৈলকূপা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেছেন, যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে। আমরা বলেছি, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেছেন, চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের লোকজন থানায় অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি যে বা যারাই ঘটাবে, তাদের বিরুদ্ধেই ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে।
উল্লেখ্য, এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে দুই গ্রুপে সংঘর্ষ বাধে। এরই জেরে স্থানীয় সায়েম আলী ও শামীম লস্করের সমর্থকরা বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।