বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১৫:২৯

ফুটপাত দখল ও যানজটে নাকাল মাদারীপুর শহরবাসী

ছবি : বাসস

মাদারীপুর,  ১৩ মার্চ, ২০২৬ (বাসস): মাদারীপুর পৌর শহরের পুরান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকানপাট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরের পথচারী ও সাধারণ মানুষ। ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে অনেককে সড়ক দিয়েই হাঁটতে হচ্ছে, ফলে শহরে বাড়ছে যানজট।

জেলা শহরের বাসিন্দা শেখ আব্দুর রহিম জানান, পুরান বাজার এলাকায় কেনাকাটা করতে এলে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রাকিব হাসান বলেন, ‘আমরা লক্ষ্য করেছি ফুটপাতের বিভিন্ন জায়গা কিছু দোকান মালিক ভাড়া দিয়ে দখল করে রেখেছে। পৌর কর্তৃপক্ষ ও পুলিশের উচিত যারা অবৈধভাবে ফুটপাত ভাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।’

স্থানীয় আরেক বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন পৌরসভায় দিনের বেলায় বড় ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকে। মাদারীপুর পৌরসভাতেও এমন নিয়ম রয়েছে। কিন্তু বড় ট্রাকগুলো পুরান বাজার এলাকায় প্রবেশ করায় যানজট তৈরি হয়। ট্রাফিক বিভাগের কিছু অসাধু কর্মচারী টাকার বিনিময়ে এসব ট্রাককে সুযোগ-সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।’

এ বিষয়ে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এ্যাড. মাসুদ পারভেজ বলেন, ‘প্রশাসনের উচিত সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত করা হলে পথচারীদের ভোগান্তিও অনেকটাই কমে আসবে।’

এদিকে বিষয়টি নিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যাতে কেউ ফুটপাত দখল করে যানজট তৈরি করতে না পারে, সে জন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।’

স্থানীয়দের দাবি, দ্রুত ফুটপাত দখলমুক্ত এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা হলে শহরের যানজট অনেকটাই কমে আসবে।