বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১১:২৯

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাচারকালে ২টি স্বর্ণের বারসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ, ১৩ মার্চ, ২০২৬ (বাসস): চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট থেকে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

আটককৃত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের মো. সানি মাই (২৭)।

বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার নিয়ে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পার হচ্ছিল সানি মাই। 

এ সময় ৫৯ বিজিবির অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে সানি মাইয়ের কাছ থেকে বার দুটি উদ্ধার করে।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির কাছে ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবি’র আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিং-এ ধরা পড়ায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। 

পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বার ২টির বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বার দুটি ভারতে পাচার করা হচ্ছিল। চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবির তল্লাশি এড়াতে বিফল হয়। 

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।