শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৩ মার্চ, ২০২৬ (বাসস): মুন্সীগঞ্জে জাটকা ধরা বন্ধ কালীন সময়ে জেলেদের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচিতে ৩ হাজার ২৯৬ পরিবারের জন্য ৫২৭.৩৬ টন চাল বরাদ্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, জেলায় পদ্মা ও মেঘনা নদীতে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ইলিশের অভয়াশ্রম এলাকাগুলোতে জাটকা ধরা বন্ধ রয়েছে। এ সময়ের জন্য নিবন্ধিত ৩ হাজার ২৯৬টি জেলে পরিবারের জন্য খাদ্য সহায়তা হিসেবে ৫২৭.৩৬ টন চাল বরাদ্দ করা হয়েছে।
এর মধ্যে সদর উপজেলার ৭০০ পরিবারকে ১১২ টন, শ্রীনগর উপজেলার ৪১১টি পরিবারকে ৬৫.৭৬ টন, টংগিবাড়ীর ৪৭৬ পরিবারকে ৭৬.১৬ টন, লৌহজংয়ের ১১০৯টি পরিবারকে ১৬১.৪৪ টন ও গজারিযার ৭০০ পরিবারের মধ্যে ১১২ টন চাল বিতরণ করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বাসসকে জানান, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জাটকা ধরা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিবন্ধিত প্রতি জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়। জেলার ৫টি উপজেলার জেলেদের মধ্যে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।