শিরোনাম

চট্টগ্রাম, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন। সে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বড়তাকিয়া-জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের নিপ্পন ইম্পাত কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ড্রাম ট্রাকের চালক খলিল হাওলাদারকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদল নেতা কামাল উদ্দিন ব্যবসায়ীক কাজে নিজে গাড়ি চালিয়ে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাওয়ার পথে নিপ্পন ইস্পাত কারখানার সামনে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তার গাড়ির সামনের দিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামান জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি হাসপাতালে ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও কোমরের নিচের অংশে বেশি আঘাত পেয়েছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ড্রাম ট্রাক চালক খলিল হাওলাদারকে মিরসরাই থানা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।