বাসস
  ১২ মার্চ ২০২৬, ২০:৪৪

রাজশাহীতে লাইসেন্সবিহীন বেকারিকে জরিমানা

রাজশাহী, ১২ মার্চ ২০২৬ (বাসস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহী শাখার উদ্যোগে লাইসেন্সবিহীন বেকারিকে জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ দুপুরে এ অভিযান পরিচালনা করে। 

বিএসটিআই এর গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি, বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মেসার্স ন্যাশনাল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সেহরীন তাবাসসুম বলেন, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই এর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।