শিরোনাম

নারায়ণগঞ্জ, ১২ মার্চ ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার বক্তাবলী এলাকায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানের সময় একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে এর কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে আজ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেসার্স এস ইউ এ ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস এবং নিজাম উদ্দিন ব্রিকসকে (এনবিএম সেভেন) ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে মেসার্স বোখারী ব্রিকস নামের ইটভাটাটির একটি অংশ এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।
পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ জানান, নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।