শিরোনাম

চট্টগ্রাম, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরের দিকে আনা হচ্ছে। খবর পেয়ে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির গতিবিধি নজরদারিতে রাখে। পরে র্যাব সদস্যরা স্পিডবোট নিয়ে নদীর মাঝখানে গিয়ে বাল্কহেডে উঠে তল্লাশি চালান।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় বাল্কহেডটিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাদের আটক করেন।
পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন- মো. ইমরান (২১), মো. আনিস (২৯), মো. মনির হোসেন (৪৫), মো. আলী (৪৭) ও মো. রুবেল (২৭)।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।