শিরোনাম

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য আটক হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটক ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস মোংলা।
অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য ওসমান গণিকে আটক করা হয়।
পরে আটক ডাকাতের তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।