বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৬:১৫

নওগাঁয় অবৈধ জাল পুড়িয়ে মৎস্য অভয়াশ্রম ঘোষণা ইউএনও’র

ছবি : বাসস

নওগাঁ, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : নওগাঁর রাণীনগরে অবৈধ রিং জাল পুড়িয়ে অভয়াশ্রম ঘোষণা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

মৎস্য শিকারিদের অবৈধভাবে মাছ ধরার কারণে ছোট যমুনা নদী থেকে দিনদিন মা-মাছ কমে যাচ্ছিল। তাই অবৈধ মৎস্য শিকারিদের দৌরাত্ম্য কমাতে উপজেলার কুজাইল দক্ষিণ পাড়া এলাকায় তারাপালের দহে এই অভয়াশ্রম ঘোষণা করেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং মৎস্য অফিসের আয়োজনে অভয়াশ্রম ঘোষণা করে সেখানে সাইনবোর্ড স্থাপনা করা হয়।

এর আগে সতর্কতামূলক সেখান থেকে কিছু রিং জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। এরপর মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের নিয়ে সেখানে সচেতনতামূলক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। আর প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, মাছে ভাতে আমরা বাঙ্গালি। তাই মাছ আমাদের প্রয়োজনীয় খাদ্য। কাজেই মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সবার দায়িত্ব। আর অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে। তবে কেউ যদি নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।