শিরোনাম

রংপুর, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : রংপুর নগরীতে ঈদের বাজারে প্রতারণা রোধে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন মার্কেটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
অভিযানে বিদেশি পণ্যের নামে প্রতারণার মাধ্যমে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নগরীর ভিন্টেজ ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, রয়্যালিটি মেগামলের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিশাত বেনারশি শোরুমে ভারতীয় ও দেশীয় শাড়ি বিক্রি করা হলেও কোনটি বিদেশি আর কোনটি দেশীয় সে বিষয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে টপটেন শোরুমকে একই অনিয়মের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের উপপরিচালক বলেন, ঈদকে সামনে রেখে বাজার তদারকি ও প্রতারণা রোধে অভিযান জোরদার করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিদেশি পণ্যের নামে দেশী পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে। এতে ক্রেতারা বিদেশি পণ্য ভেবে প্রতারিত হচ্ছেন। ক্রেতাদের প্রতারণা রোধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।