শিরোনাম

চুয়াডাঙ্গা, ১২ মার্চ, ২০২৬ (বাসস): নিষিদ্ধ কসমেটিকস ও নষ্ট মিষ্টি বিক্রি করায় চুয়াডাঙ্গায় ৫ দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। মাহে রমজান উপলক্ষে হোটেল, পাইকারি ভোজ্য তেল, কসমেটিকস ও মসলার দোকান তদারকি করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ও তারিখ বিহীন দই ও নষ্ট মিষ্টি বিক্রি করায় কার্তিক চন্দ্র বসুর প্রতিষ্ঠান বসু সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় টিনা দেবীর প্রতিষ্ঠান পলক গিফট কর্নারকে ২৫ হাজার টাকা, মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিষ্ঠান মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫ হাজার টাকা, দেলোয়ার হোসেনের প্রতিষ্ঠান মা রোকেয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও মাহফুজা খাতুনের প্রতিষ্ঠান মামুন গিফট কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
৫ দোকানির কাছ থেকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় আইন মেনে মান সম্মত পণ্য ক্রয়-বিক্রি ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।