শিরোনাম

টাঙ্গাইল, ১২ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীর হাতে মোট ১ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে, মন্ত্রণালয় থেকে বরাদ্দ এলে পরবর্তীতে আরও সহায়তার অর্থ দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত (৯ মার্চ) সোমবার ভোরে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচা বাজার এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় জেলা প্রশাসক দোকানগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছিলেন।