শিরোনাম

নওগাঁ, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন (৫০) ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু রহমান (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্য তার লাশ বাড়িতে নিয়ে যায়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আর একজন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।