বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৫:১৬

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

বাগেরহাট, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

আজ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬টার দিকে কোস্টগার্ড বেইস মোংলার একটি বিশেষ টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেখান থেকে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে (৩৮) আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আটককৃত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ডাকাত দলের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।