শিরোনাম

বাগেরহাট, ১১ মাচর্, ২০২৬ (বাসস) : বাগেরহাট সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত পাজা পদ্ধতির ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযানে প্রায় ৪ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমানের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাগেরহাট জেলা পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নেন।
সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বাবুরহাট বাজার ও সাতগাছিয়া এলাকায় অবৈধভাবে পরিচালিত পাজা পদ্ধতির ইটভাটার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি পাজা ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটাগুলোর আগুন নিভিয়ে দেওয়া হয় এবং এক্সকেভেটর ও পানি ছিটিয়ে প্রায় প্রায় চার লাখ কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।
জানা গেছে, সংশ্লিষ্ট ইটভাটাগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার করছিল এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১২ ধারা অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন এবং অফিস সহায়ক কঙ্কন রায়।
উপপরিচালক আসাদুর রহমান জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।