শিরোনাম

মোহা. শরিফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ, ১১ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় ঈদ উপহার হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫টি উপজেলা ও ৪টি পৌরসভার মোট দুইলাখ ছয়হাজার ৮৫৮টি পরিবারের মধ্যে ভিজিএফ- এর চাল বিতরণ করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় পরিবার প্রতি ১০ কেজি হারে সর্বমোট ২ হাজার ৬৮ দশমিক পাঁচশ’ ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে এই বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভাগুলোতে ভিজিএফ চালের বরাদ্দপত্র পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা যায়, জনসংখ্যার ভিত্তিতে বরাদ্দে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলা। এই উপজেলাতে ৭৩ হাজার ৮৫৫টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৭৩৮ দশমিক ৫৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
এছাড়া জেলা সদরে ৫৪ হাজার ৮৬৩টি, গোমস্তাপুরে ৩৩ হাজার ৮১১টি, নাচোলে ১৭ হাজার ৪৯২টি এবং ভোলাহাট উপজেলায় ৯ হাজার ৮৭৭টি পরিবার এই সহায়তার আওতায় আসছে।
অন্যদিকে, পৌর এলাকাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও রহনপুর পৌরসভায় সমানভাবে ৪ হাজার ৬২৫টি করে এবং নাচোল পৌরসভার জন্য ৩ হাজার ৮৫টি কার্ড বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে, ‘ভালনারেবল গ্রুপ ফিডিং’ (ভিজিএফ) কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচনে সরকার নির্ধারিত ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩’ কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে, যাদের ভিটাবাড়ি ছাড়া কোনো আবাদি জমি নেই, যারা দিনমজুর বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল এবং যে পরিবারগুলোতে কোনো উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই, তাদের এই তালিকায় সবার আগে স্থান দিতে হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তায় বিশেষ প্রাধান্য পাবে।
এ বিষয়ে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই বিশেষ বরাদ্দ প্রকৃত দুস্থদের হাতে পৌঁছে দেয়া হবে। বরাদ্দকৃত চাল স্থানীয় সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে হবে।
তিনি জানান, কোনো অবস্থাতেই যাতে তালিকায় অনিয়ম না হয় সেজন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।