বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৮:৩৭

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা, ১১ মাচর্, ২০২৬ (বাসস) : ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় মাগুরা সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।

আজ বুধবার বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জামা-কাপড় ও কসমেটিকসের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ‘মেসার্স দেশি ভিনদেশি’ নামক প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বাসসকে জানান, অভিযানে দেখা যায় কিছু পণ্য বিদেশি, বিশেষ করে পাকিস্তানি বলে দাবি করে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল, কিন্তু এর পক্ষে কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেননি ব্যবসায়ী। এছাড়া আমদানিকারকের ট্যাগবিহীন বিদেশি কসমেটিকসে নিজেদের মূল্য ট্যাগ লাগিয়ে বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে কেউ যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন, মাগুরা জেলা মার্কেটিং অফিসার মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম। 

এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে পণ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।