শিরোনাম

হবিগঞ্জ, ১১ মার্চ, ২০২৬ ( বাসস):জেলার বানিয়াচং উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে ইট পড়ে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ১ নং ইউনিয়নের পূর্বগড় মহল্লার নবী হোসেন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকসুদ মিয়া বানিয়াচং উপজেলার সদর এলাকার ২ নং ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ব্যাটারিচালিত একটি ভ্যানযোগে নবী হোসেন মিয়ার বাড়িতে পানির ট্যাংক ও অন্যান্য মালামাল পৌঁছে দেন ভ্যানচালক মকসুদ মিয়া। ট্যাংক ও মালামাল নামানোর পর হঠাৎ বাড়ির ছাদ থেকে কয়েকটি ইট নিচে পড়ে যায়।
এ সময় একটি ইট সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি শরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
লাশ থানায় নিয়ে আসা হবে এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।