শিরোনাম

নেত্রকোণা, ১১ মার্চ, ২০২৬ (বাসস): জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি’র নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১।
বুধবার দিবাগত রাত ১২টা ১০মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি আজ সকাল ১০টা ৮মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেত্রকোনা ব্যাটালিয়ন এর অধীনস্থ কচুগড়া বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার ৬নং খারনৈ ইউনিয়নের আদাচিপানামক স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১১৭৯ এমপি হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল ভারতীয় ‘ম্যাকডুয়েলস্’ মদ আটক করা হয়।
জব্দকৃত ভারতীয় মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে বলেও জানান নেত্রকোণা ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।