বাসস
  ১০ মার্চ ২০২৬, ২১:২৪

রাঙ্গামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১০ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স- এর তত্ত্বাবধানে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মহড়ার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রশাসক নাজমা আশরাফী। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নিউটন দাসের তত্ত্বাবধানে মহড়াটি পরিচালনা করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম।

মহড়ায় ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ পরিস্থিতিতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এতে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, বিধ্বস্ত ভবনে অনুসন্ধানের মাধ্যমে ভিকটিম শনাক্তকরণ, প্রবেশপথ তৈরি করে উদ্ধার তৎপরতা পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর কার্যক্রমের বাস্তব ভিত্তিক উপস্থাপন করা হয়।

এ মহড়ায় বহুসংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।