বাসস
  ১০ মার্চ ২০২৬, ২১:০৫

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা, ১০ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, সাবান ও ওষুধ জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নটিজঙ্গল নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 

এছাড়া, মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চাঁন্দা মাঠ এবং রাজপুর মাঠ নামক স্থান হতে ভারতীয় সাবান ও ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য তিনলাখ ৭৭ হাজার ৮২৫ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।