বাসস
  ১০ মার্চ ২০২৬, ২০:৩৯

নীলফামারীতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বিষয়ে সেমিনার

নীলফামারী, ১০ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ জেলায় অসহায় রোগীর কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তায় হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের ভূমিকা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

বক্তব্য দেন জেলার সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সোহেল পারভেজ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আব্দুল মতিন প্রমুখ।

এ সেমিনারে সমাজ সেবা কার্যক্রমের বিষয়ে উপস্থাপন করেন হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী।

হাসপাতাল সমাজ সেবা কার্যালয় আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসা প্রয়োজন।