বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৯:৫০

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, কারখানা মালিকের কারাদণ্ড

ছবি : বাসস

বগুড়া, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে একটি কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলা এলাকার শেখাহার গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় যৌথভাবে এ ভভিযান চালায়। তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ভোলতা এলাকার মীম লাচ্ছা সেমাই কারখানার মালিক মো. শরিফুল ইসলাম। পরে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

অভিযানে দেখা যায়, শ্রমিকেরা পায়ে মাড়িয়ে সেমাইয়ের ডো তৈরি করছেন। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। কাঁদা ও ময়লাযুক্ত সেমাই তেলে ভেজে প্রস্তুত করা হচ্ছিল এবং পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া সেমাই তৈরিতে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক এবং নন-ফুড গ্রেড রং ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে দোষ স্বীকার করায় কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও খাদ্য উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।