শিরোনাম

নীলফামারী, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রাখতে হবে। এ জন্য যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা সবচেয়ে বেশি। এসব অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়, বিড়ি-সিগারেট, খড়ের পালা, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও গ্যাস সিলিন্ডার থেকে। বৈদ্যুতিক তারের নিয়মিত চেকআপ, গ্যাস সিলিন্ডার ব্যবহারের পাশাপাশি নির্বাপণেরও প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তাহলে ক্ষয়ক্ষতি কমে আসবে।
শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অগ্নিনির্বাপণে বিশেষ মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের সদস্যরা।