বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৯:৩৩

চাঁদপুরের মেঘনা নদী থেকে ৬টি বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

চাঁদপুর, ১০ মার্চ ২০২৬ (বাসস): রাতে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতির কারণে চাঁদপুরের মেঘনা নদী থেকে ছয়টি বাল্কহেডসহ ১৪ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন, চাঁদপুর সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন।

তিনি জানান, গতকাল সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে মেঘনা নদীর লালপুর ও মিনি কক্সবাজার নামক এলাকা থেকে ছয়টি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় সুকানি ও শ্রমিকসহ ১৪জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত শ্রমিকরা হলেন-মারুফ শেখ (২৮), মশিউর রহমান চৌকিদার (৪০), ইব্রাহীম মাঝি (৬০), নেয়ামত উল্লয়াহ (২৬), রিপন মাঝি (২৮), সোহেল (২৭), শামীম শেখ (৩৫), রিফাত হাওলাদার (২৪), আল আমিন (৪০), এয়াদুল শিকদার (২৮), শুক্কুর আলী (২৬), ইব্রাহীম শেখ (২৭), সাইফুল ইসলাম (৩০) ও রিয়াদুল (২২)। তারা বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, সিরাজগঞ্জ, কেরানীগঞ্জ ও চাঁদপুর সদরের বাসিন্দা।

এ বিষয়ে ওসি একেএমএস ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত শ্রমিকদের বিরুদ্ধে নৌ-পুলিশের এসআই আবদুল মান্নান ও সুফল কুমার সিংহ বাদী হয়ে ৬ টি পৃথক মামলা দায়ের করেন। দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নদীতে এমন টহল ও অভিযান অব্যাহত থাকবে।